নোয়াখালীতে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুরের কেচ্ছা কলোনি এলাকায় পারিবারিক কলহের জের ধরে মাহফুজা আক্তার ওরফে ইতি (১৯) এবং কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চরগুল্লাখালী গ্রামে নার্গিস আক্তার (২৮) নামে দুই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার ভোরে এবং গত শুক্রবার দুপুরে এ দুটি ঘটনা ঘটে। খবর পেয়ে সুধারাম ও কবিরহাট থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কজেল হাসপাতালের মর্গে পাঠায়। নোয়াখালী শহরের ঘটনায় নিহত গৃহবধূ মাহফুজার স্বামী আলাউদ্দিনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শহরের কেচ্ছা কলোনি এলাকায় নিহত মাহফুজা আক্তারের ভাই জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, গত বছরের শেষ দিকে একই এলাকার আলাউদ্দিনের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আলাউদ্দিন নানা অজুহাতে প্রায়ই মাহফুজার ওপর নির্যাতন চালাত। ধারাবাহিক ওই নির্যাতনেই শনিবার ভোর রাতে স্বামীর বাড়িতে তাঁর বোন মারা গেছে। কিন্তু স্বামীর পরিবারের লোকজন গলায় ফাঁস দিয়ে তাঁর বোন আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

লাশ উদ্ধারকারী সুধারাম থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝেতে লাশ পেয়েছি। গলায় সামান্য কালো দাগ দেখা গেছে। তবে নিহত ব্যক্তির পরিবারের লোকজন অভিযোগ করেছে, নির্যাতনেই মাহফুজার মৃত্যু হয়েছে।’

অন্যদিকে, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামচি প্রসাদ গ্রামের মনির আহমঞ্চদের ছেলে নাছির উদ্দিন বলেন, ২০০১ সালে চরগুল্লাখালী গ্রামের আবুল হাসেমের ছেলে বোরহান উদ্দিনের সঙ্গে তাঁর ছোট বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাঁর বোনের ওপর নির্যাতন করত।

শুক্রবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে মুঠোফোনে তাঁর বোন অসুস্থ বলে তাঁকে খবর দেয়। কিছুক্ষণ পর পুনরায় ফোন করে বলা হয়, তাঁর বোন নার্গিস পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। নাছির উদ্দিন অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন পানিতে ডুবিয়ে তাঁর বোনকে হত্যা করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম বলেন, লাশের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।