নোয়াখালীতে দুটি সড়ক বেহাল
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর-থানারহাট সড়ক এবং সোনাপুর-ভাটিরটেক-সুবর্ণচর সড়ক যানবাহন চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষজন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সোনাপুর-থানারহাট সড়কের সদর উপজেলা অংশের প্রায় ১৫ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশেরই কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। থানারহাট এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রায় সাত-আট বছর আগে সর্বশেষ সড়কটি সংস্কার করা হয়েছিল। এর ভেতর আর কোনো সংস্কার হয়নি। এতে সড়কটির বেশির ভাগ অংশজুড়েই খানাখন্দে ভরে গেছে। বছরের পর বছর একই অবস্থা চললেও বিষয়টি যেন দেখার কেউ নেই।
একইভাবে সোনাপুর থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে ভাটিরটেক-সুবর্ণচরের দিকে যাওয়া সড়কটির অবস্থাও বেহাল। কার্পেটিং উঠে গিয়ে সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যানবাহন দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াও কষ্টকর। বিজ্ঞান অনুষদের ছাত্র ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, সড়কটি যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এর পরও প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়াও অন্যান্য রুটের বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে।
স্থানীর সরকার প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, শুধু এই দুটি সড়কই নয়, উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক, গ্রামীণ সড়ক-১ ও গ্রামীণ সড়ক-২-এর আওতায় উপজেলার ২৪৫ কিলোমিটার সড়কের প্রায় দেড় শ কিলোমিটারের অবস্থাই নাজুক। উপজেলা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ‘প্রতিবছর সড়ক সংস্কারে যে পরিমাণ বরাদ্দ প্রয়োজন পাওয়া যায় তার এক-চতুর্থাংশ। তাই ইচ্ছা থাকলেও অনেক সড়কের সংস্কার করা যায় না। তবে থানারহাট ও বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক দুটি দাতা সংস্থার অর্থে একটি বিশেষ প্রকল্পের আওতায় শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।’