নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২
নোয়াখালীর চাটখিল উপজেলায় গুলি ছোড়ার পৃথক তিনটি ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কামাল হোসেন (৩৫) ও মো. দুলাল (৩৩)।
কামালের বাড়ি পৌরসভার দশঘরিয়া এলাকায়। তাঁর বাবা আবদুর রব। স্থানীয় আল-বারাকা বাস কাউন্টারে টিকিট বিক্রি করতেন তিনি।
দুলালের বাড়ি পৌরসভার সুন্দরপুর এলাকায়। তাঁর বাবা নুরুল ইসলাম। পেশায় ভ্যানচালক।
ওই ঘটনায় আবদুল হান্নান (১৯) ও মনির হোসেন (৩৫) নামের আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরিফ প্রথম আলোকে জানান, ভোরে ওই গুলির ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কাজী এহছানুল কবিরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে একটি মোটরসাইকেলে করে মুখোশধারী দুই ব্যক্তি চাটখিল উপজেলা সদরের সুন্দরপুরের দশঘরিয়া এলাকায় আল-বারাকা বাস কাউন্টারে যান। সেখানে বসে থাকা লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। এতে কামাল ও মনির গুলিবিদ্ধ হন।
স্থানীয় লোকজন ওই দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কামাল মারা যান।
ভোর সাড়ে পাঁচটার দিকে ওই একই দুর্বৃত্তরা সুন্দরপুর এলাকায় পৌর মার্কেটের কাছে ভ্যানচালক মো. দুলালকে গুলি করে। এতে ঘটনাস্থলে দুলাল মারা যান।
ভোর পাঁচটা ৪০ মিনিটের দিকে ওই দুর্বৃত্তরা উপজেলার ২২ সিন্দুর বাজার এলাকায় আবদুল হান্নানকে গুলি করেন।
এ ঘটনার পর চাটখিল উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।
কামালের নিহত হওয়ার ঘটনায় দশঘরিয়া এলাকার লোকজন ভোর সাড়ে ছয়টার দিকে চাটখিল-রামগঞ্জ সড়কে অবরোধ করেন। সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।