নোয়াখালীতে নাশকতায় জড়িতদের নাম প্রকাশ!
আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপির কর্মী মরতাজুল করিম নোয়াখালীতে নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করেছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রায়হানুল ইসলামের আদালতে মরতাজুল জবানবন্দি দেয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গত শনিবার নোয়াখালী জিলা স্কুলের সামনে থেকে মরতাজুলকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরতাজুল হরতাল-অবরোধে ট্রাক ও বাসে পেট্রলবোমা হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ৮-১০ জনের নাম-পরিচয় প্রকাশ করে।
ওসি জানান, জিজ্ঞাসাবাদে মরতাজুল নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। এরপর গতকাল তাকে এ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তিনি পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় উল্লেখসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আনোয়ার হোসেন জানান, মামলার তদন্তের জবানবন্দিতে আসা নাম-পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে সদর উপজেলা উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান অভিযোগ করেছেন, মরতাজুল বিএনপি কিংবা সহযোগী কোন সংগঠনের সক্রিয় কর্মী নয়। কিন্তু পুলিশ তাকে ধরে থানায় আটকে রেখে জবানবন্দি দিতে রাজি করিয়েছে।