নোয়াখালীতে পানিতে ডুবে মেডিকেল কলেজ ছাত্রের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে এহছান আনোয়ার ওরফে আবেদ (২০) নামের মেডিকেল কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত এহছান নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ছাত্র। কলেজের পুকুরে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে।
এহছান ফেনীর ছাগলনাইয়া উপজেলার মোটবী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, এহছান সহপাঠীদের সঙ্গে মঙ্গলবার সকালে কলেজের মাঠে ফুটবল খেলছিলেন। খেলার একপর্যায়ে সকাল আটটার দিকে ফুটবলটি মাঠের পাশের পুকুরের মাঝখানে পড়ে যায়। এ সময় এহছান সাঁতরে পুকুর থেকে ফুটবলটি আনতে গিয়ে পানিতে ডুবে যান।
কলেজ সূত্র জানায়, এহছানের সহপাঠীরা পুকুরে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার অনেক আগেই আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ছাত্র এহছান আনোয়ারের মৃত্যু হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাপ্পা গৌতম প্রথম আলোকে জানান, এহছান সকালে নাশতা না খেয়ে ফুটবল খেলতে নেমেছিলেন।খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েন তিনি। ফুটবল আনতে তাঁকে অনেকটা পথ সাঁতরাতে হয়। দুর্বল হয়ে পড়ায় তিনি পানিতে ডুবে যেতে পারেন।