পিকেটারের হামলায় চালক নিহত
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সময় আজ বুধবার নোয়াখালীতে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম আবু নাছের (৫০)। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার বেতুয়া গ্রামে।
নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ছয়টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা ফেনীর দাগনভূঞা এলাকা থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ফেনীর দাগনভূঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ সীমানার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের তালেরচারা স্থানে পৌঁছলে অজ্ঞাতনামা একদল পিকেটার হঠাত্ করে অটোরিকশাটিকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে অটোরিকশার শিক্ষানবিশ চালক আবু নাছের গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবু নাছের সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে পরে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশার শিক্ষানবিশ চালক হিসেবে কাজ করছিলেন।
ঘটনার বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, সংশ্লিষ্ট থানার পুলিশকে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আজ সকালে জেলা শহরের দত্তেরহাট এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল-সমর্থক পিকেটাররা। পরে পুলিশ এলে তারা পালিয়ে যায়।