নোয়াখালীতে পুলিশ কর্মকর্তার বাড়িসহ চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গত সোমবার গভীর রাতে পুলিশের এক কর্মকর্তার বাড়িসহ চার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এসব ঘটনায় সশস্ত্র ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করে। ডাকাতদের হামলায় আহত হন এক নারীসহ অন্তত তিনজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে কোম্পানীগঞ্জের শাহজাদপুর গ্রামের আবদুল্লা মিয়ার বাড়িতে ১৪-১৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনের বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে লোকজনকে জিমিঞ্চ করে নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোনসেট ও একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, লুটপাটের সময় প্রতিবাদ করলে ডাকাতেরা তাঁর ভাবি সালেহা বেগম, দুই ভাতিজা মেজবাহ উদ্দিন ও তারেক আজিজকে মারধর করে। তাঁদের গতকাল মঙ্গলবার স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান ডাকাতি ও মালামাল লুটের ঘটনা নিশ্চিত করেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার বিষয়ে এখনো মামলা হয়নি।

একই রাতে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের বানাবাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ঘরের লোহার ফটকের তালা ভেঙে একদল ডাকাত হানা দেয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল কাশেম জানান, ডাকাতেরা ঘরের লোকজনকে অস্ত্রেরমুখে জিমিঞ্চ করে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা লুট করে।

অন্যদিকে একই রাতে একলাশপুর ইউনিয়নের রফিক উল্লা ও ওবায়দ উল্লার বাড়িতেও পৃথক ডাকাতির ঘটনা ঘটে।