নোয়াখালীতে পৃথক অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের হকার্স মার্কেট ও সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাটে পৃথক অগ্নিকাণ্ডে ২৪টি দোকান ও নিকাহ রেজিস্ট্রারের কার্যালয় পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাতে এবং গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল বিকেলে সদর উপজেলার খলিফারহাটের দক্ষিণ বাজারে অভম পাটোয়ারীর কাপড়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের ১১টি দোকানে ছড়িয়ে পড়ে। মাইজদী থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে জেলা শহরের মোহাম্মদিয়া মোড়সংলগ্ন হকার্স মার্কেটের পশ্চিম পাশের গলির একটি দোকানে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ১৩টি দোকান ও ওয়ার্ড নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আরাফাত হোসেন জানান, আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টার কারণে মার্কেটের তিন শতাধিক দোকান রক্ষা পেয়েছে।
ফায়ার সার্ভিসের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে দুটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।