নোয়াখালীতে পৃথক ডাকাতির ঘটনায় নারীসহ দুজন খুন
নোয়াখালীতে পৃথক ডাকাতির ঘটনায় এক নারীসহ দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ও চাটখিল উপজেলার পূর্ব পরকোট গ্রামে ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাটখিলের পূর্ব পরকোটের ফিরোজা বেগম (৫৫) এবং কোম্পানীগঞ্জের চরকাঁকড়ার আবুল কাশেম (৫০)। তাঁদের মধ্যে ফিরোজা বেগমকে কুপিয়ে এবং আবুল কাশেমকে গুলি করে হত্যা করে ডাকাতেরা। এ ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে ডাকাতেরা। খবর পেয়ে উভয় থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চাটখিলের ঘটনায় থানার পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় একই এলাকার মো. মিজান (৩২) ও মো. হাসিব (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত চাটখিলের পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মিঝিবাড়িতে হানা দেয়। ডাকাতেরা আবদুল ওয়াদুদের বসতঘরে ঢুকে নারী-পুরুষদের জিমিঞ্চ করে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।
একপর্যায়ে ডাকাতেরা ঘরের আলমারি থেকে জমির দলিল বের নিতে চাইলে গৃহকর্তী ফিরোজা বেগম (৫৫) বাধা দেন। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ফিরোজাকে রক্ষা করতে এসে আহত হন গৃহকর্তা আবদুল ওয়াদুদ (৬৫) ও পুত্রবধূ রাশেদা বেগম (২৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে একই রাতে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুয়েতপ্রবাসীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। সশস্ত্র ডাকাতেরা পাকা ভবনের গ্রিল কেটে ভেতরে ঢুকে ঘরের লোকজনকে জিমিঞ্চ করে লুটপাট শুরু করে।
এ সময় পরিবারের লোকজন চিৎকার দিলে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি করে এবং এগিয়ে আসা এক প্রতিবেশীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এই ঘটনায় গৃহকর্তা আবুল কাশেম (৫০), তাঁর চাচাতো ভাই আজিজুল হক (৫৫), ভাতিজা মো. মোহন (১৮) ও প্রতিবেশী বেলায়েত হোসেন (১৮) গুলিতে ও ছুরিকাঘাতে আহত হন।
প্রতিবেশীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই গুলিবিদ্ধ আবুল কাশেমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।