নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ-ভাঙচুর আহত ৫
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর বটতলা বাজারে ফুটবল খেলা নিয়ে বিবদমান দুই পক্ষে সংঘর্ষ ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর হয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মো. রাশেল (২৩), মো. লিটন (২২) ও তোফায়েল আহম্মদ (৫৫)। এঁদের মধ্যে লিটনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মাঠে মাওলারটেক ও বটতলার দুই দল যুবকের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে বটতলার খেলোয়াড়দের সঙ্গে বিপক্ষের খেলোয়াড়দের বাগ্বিতণ্ডা হয় এবং একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এরপর রাত নয়টার দিকে দুই পক্ষ বটতলা বাজারে উঠলে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া এবং উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে মাওলারটেক এলাকার যুবকেরা বটতলা বাজারের ব্যবসায়ী তোফায়েল আহম্মদের ওয়েল্ডিং কারখানায় হামলা-ভাঙচুর চালান।
জানতে চাইলে খেলা নিয়ে মারামারির ঘটনা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।