নোয়াখালীতে ফের সংবাদপত্রের গাড়িতে হামলা
নোয়াখালীতে হরতালে আবারও সংবাদপত্রবাহী গাড়িতে হামলা চালিয়েছে পিকেটাররা। গতকাল রোববার ভোরে জেলার সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।
এর আগে ৫ নভেম্বর মাইজদী বাজারের কাছে ও বেগমগঞ্জের বাংলাবাজারে এবং গত ২৮ অক্টোবর জেলা শহরের অনন্তপুর এলাকায় বাংলাদেশ টেলিভিশন সেন্টারের কাছে সংবাদপত্রের গাড়িতে হামলা চালায় পিকেটাররা।
স্থানীয় ব্যক্তিরা জানান, ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে আসা সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাস সেবারহাট পশ্চিম বাজারে পৌঁছালে পিকেটারদের বাধার মুখে পড়ে। মাইক্রোবাসটি এগিয়ে যেতেই পেছন থেকে তারা কয়েকটি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মাইক্রোবাসের পেছনের কাচ ভেঙে যায়। এ সময় চালক দ্রুত গাড়িটি চালিয়ে গন্তব্যে পৌঁছান।
সেনবাগের সংবাদপত্র পরিবেশক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সংবাদপত্রের গাড়ি সব সময়ই হরতালের আওতামুক্ত, এটি সবারই জানা। কিন্তু এর পরও এই গাড়িতে হামলার ঘটনা দুঃখজনক। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আযাদ বলেন, তাঁদের কোনো কর্মীর সংবাদপত্রের গাড়িতে হামলা চালানোর কথা নয়। তাঁদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এর পরও তিনি বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আহম্মেদ ভূঁইয়া বলেন, তিনি সংবাদপত্রের গাড়িতে হামলার কথা শুনেছেন। কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।