নোয়াখালীতে বজ্রপাতে মারা গেলেন দুজন
নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ও ঘোষবাগ ইউনিয়নে গতকাল রোববার দুপুরে বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের নূর ইসলাম (২৮) ও ঘোষবাগ ইউনিয়নের চর আলগী গ্রামের রফিক উল্লা (৫০)।
স্থানীয় লোকজনের ভাষ্য, সকাল থেকে ধানসিঁড়ি ইউনিয়নের সোনাদিয়া গ্রামের একটি ধানখেতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলে নূর ইসলাম। হঠাৎ বেলা সাড়ে ১১টা থেকে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ট্রাক্টরচালক নূর ইসলাম ঘটনাস্থলে মারা যান।
অন্যদিকে প্রায় একই সময় ঘোষবাগ ইউনিয়নের চর আলগী গ্রামের রফিক উল্লা বাড়ির পাশের খেতে কাজ করা শ্রমিকদের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে মারা যান।
জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মুনাফ ও ঘোষবাগ ইউনিয়নের চেয়ারম্যান মহসিন ভূঁইয়া বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি তাঁকে জানিয়েছেন।