নোয়াখালীতে বন্ধুসভার বর্ণমালা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে প্রথম আলো বন্ধুসভার বর্ণমালা উৎসব। ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ স্লোগানে শহরের হরিনারায়ণপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়।
সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা ভৌমিক উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবদুল কাইয়ুম। এটি নোয়াখালী বন্ধুসভার বন্ধুদের নিজস্ব আয়োজনে দ্বিতীয় বর্ণমালা উৎসব। এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মাইজদী বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম বর্ণমালা উৎসব হয়েছিল।
অনুষ্ঠানে শুক্লা ভৌমিক বলেন, এ ধরনের আয়োজনে বাংলা ভাষা ও বর্ণমালা বিষয়ে শিক্ষার্থীরা নতুন নতুন ধারণা পাবে।
আবদুল কাইয়ুম বলেন, বাংলা বর্ণমালা শেখা এবং বর্ণ নিয়ে শব্দ গঠনের এমন আয়োজন শিশুদের পড়ালেখায় আরও বেশি উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বর্ণমালা প্রদর্শনী, বর্ণ দৌড় ছাড়াও ছিল কুইজ ও আলপনা প্রতিযোগিতা। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসব সমাপ্ত হয়।