নোয়াখালীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট, আহত ২
নোয়াখালী শহরের মধ্যম করিমপুর এলাকার বাগদাদ মঞ্জিলে স্থানীয় একদল সন্ত্রাসীর হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গৃহকর্তা নুরুল ইসলাম ওরফে বেলাল (৫৫) ও তাঁর স্ত্রী জেসমিন সুলতানা (৪৫) আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গৃহকর্তা নুরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর বাড়ির পেছনে একটি পরিত্যক্ত বাড়িতে স্থানীয় একদল সন্ত্রাসী প্রায়ই মাদক ও জুয়ার আসর বসাত। কয়েক দিন আগে তিনি ও তাঁর ছেলে মো. রাজুর ওপর সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে উঠে তাঁদের দেখে নেওয়ার হুমকি দেয়।
ওই হুমকির জের ধরে শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হানা দেয়। এ সময় তাঁরা বসতঘরের চারপাশের টিনের বেড়া, জানালা কুপিয়ে ও দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র এবং অন্যান্য মালামাল ভাঙচুর ও তছনছ করে। এ সময় হামলায় বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে এবং তাঁর স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে নগদ টাকা, প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও দুটি মুঠোফোন সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম (সদর) মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।