নোয়াখালীতে বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
নোয়াখালীতে ১৫ মে থেকে শুরু হওয়া মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেন তাঁরা।
শহরের হাউজিং এস্টেট মাঠে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। তাঁত ও বস্ত্র শিল্প সমিতি এ মেলার আয়োজন করে।
গতকাল বেলা ১১টার দিকে শহরের টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ব্যবসায়ীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে পৌর বণিক সমিতির সভাপতি এ কে এম ছায়েফ উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
ব্যবসায়ীদের অভিযোগ, টানা হরতাল-অবরোধের পর ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক হয়েছে। ঠিক এই সময়ে প্রশাসন শিল্প ও বাণিজ্য মেলার অনুমতি দিয়েছে। এ অবস্থায় সব ব্যবসায়ী আবারও ক্ষতির মুখে পড়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম বড়ুয়া জানান, ব্যবসায়ীদের স্মারকলিপি দেওয়ার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হবে।