নোয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট মোড় এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অটোরিকশার অপর তিন যাত্রী।
আজ সোমবার দিবাগত রাত নয়টার দিকে ফেনী-সোনাইমুড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মমিনুল ইসলামের ছেলে কাউছার আহম্মেদ ওরফে সজিব (১০) ও ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া গ্রামের বেলাল হোসেন (৫০)।
দুর্ঘটনায় শিশু কাউছার আহম্মেদের বাবা মমিনুল ইসলামসহ অপর তিন অটোরিকশাযাত্রী আহত হন। তাঁদের মধ্যে দুজনকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে কানকিরহাট বাস থেকে স্কাইল্যান্ড পরিবহনের একটি যাত্রীবিহীন বাস হেডলাইট না জ্বালিয়ে ফেনীর দিকে যাচ্ছিল। পথে গাজীরহাট মোড়ের পশ্চিম পাশে মানিক মেম্বারের বাড়ির সামনে বিপরীত দিক হতে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুইযাত্রী নিহত এবং অপর তিনজন গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশও হাসপাতালে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাস ও অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।