নোয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।
গত সোমবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট মোড় এলাকায় ফেনী-সোনাইমুড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাসে কোনো যাত্রী ছিল না। হতাহত ব্যক্তিরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মমিনুল ইসলামের ছেলে কাউছার আহম্মেদ ওরফে সজীব (১০) ও ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া গ্রামের মো. বেলাল হোসেন (৫০)।
দুর্ঘটনায় শিশু কাউছারের বাবা মমিনুল ইসলামসহ তিনজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাস ও অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাত নয়টার দিকে উপজেলার কানকিরহাট বাসস্ট্যান্ড থেকে স্কাইল্যান্ড পরিবহনের যাত্রীহীন একটি বাস হেডলাইট না জ্বালিয়ে ফেনীর দিকে যাচ্ছিল। বাসটি গাজীরহাট মোড়ের পশ্চিম পাশে মানিক মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।