নোয়াখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর দোকানঘর নামক স্থানে গতকাল শুক্রবার সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রী আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন বেগমগঞ্জের চৌমুহনীর করিমপুর এলাকার বাসিন্দা মাধবী (২৬) ও নূপুর (৩০)। তাঁরা দুজনই হিজড়া। আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তাঁদের চৌমুহনী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সোয়া নয়টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের লক্ষ্মীনারায়ণপুর দোকানঘর এলাকায় ফেনী থেকে চৌমুহনী অভিমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মাধবী নিহত হন। দুর্ঘটনায় আহত নূপুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর আশপাশের লোকজন বাসটি আটক করে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পরে পুলিশ বাসটি থানায় নিয়ে যায়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন প্রথম আলোকে জানান, লাশ দুটি থানায় আছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি হাসপাতাল মর্গে নিতে দিচ্ছেন না নিহতদের সহযোগীরা (হিজড়া)।