নোয়াখালীতে বাসচাপায় শিশু নিহত, এক ঘণ্টা সড়ক অবরোধ
নোয়াখালীর সোনাইমুড়ী শহরের নাওতলা নামক স্থানে বাসের চাপায় সজিব হোসেন (১২) নামের এক শিশুশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সজিব পৌরসভার মৃত মো. শরিফের ছেলে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর একটার সময় ওই শিশু সোনাইমুড়ী চৌরাস্তায় সড়ক পার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি চেয়ারকোচ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা নিহত সজিবের লাশ নিয়ে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে জব্দ করলেও জনতা বাসচালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাবুল ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে জনতা শান্ত হয়ে অবরোধ তুলে নেয়।
জানতে চাইলে বাসচাপায় শিশু নিহত হওয়া এবং সড়ক অবরোধের কথা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ।
ওসি প্রথম আলোকে বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।