নোয়াখালীতে বিভাগীয় ফিজিকস অলিম্পিয়াড
পদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে নোয়াখালী জিলা স্কুলে গতকাল শুক্রবার ‘বিভাগীয় ফিজিকস অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির ব্যবস্থাপনায় নোয়াখালী বিভাগীয় ফিজিকস অলিম্পিয়াড কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
নোয়াখালী জিলা স্কুলমাঠে ফিজিকস অলিম্পিয়াডের উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. জাবেদ হোসেন ও জিলা স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে দেড় ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে জিলা স্কুলের মিলনায়তনে প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা। প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রধান নিজাম উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মো. ইউসুফ ও নোয়াখালী সরকারি মহিলা কলেজের প্রভাষক আরিফ মো. মহসিন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমাপনী পর্বে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রধান নিজাম উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল উদ্দিন।
ফিজিকস অলিম্পিয়াডের তিনটি বিভাগে বিজয়ী ৬০ জন শিক্ষার্থীকে মেডেল ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালী বিভাগীয় ফিজিকস অলিম্পিয়াড কমিটির সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান।