নোয়াখালীতে বৃক্ষ মেলা উদ্বোধন
‘পাহাড় সমতল উপকূলে, গাছ লাগাই সবাই মিলে; দিনবদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ’ স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। গতকাল বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। ১৫ দিনব্যাপী মেলার উদ্বোধন উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা মো. ছানাউল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রণব ভট্টাচার্য, নোয়াখালী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান শহীদ উল্যা, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়। মেলায় বন বিভাগ এবং কৃষি বিভাগসহ জেলার ১৫টি নার্সারির স্টল রয়েছে।