নোয়াখালীতে ভেজাল ওষুধ সরঞ্জামসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ক্যালসিয়াম ও যৌন উত্তেজক বড়ি বাজারজাত করার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রাম থেকে মো. শাহজাহান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে গ্রামের বাড়ি থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ সময় তাঁর বসতঘর থেকে বিভিন্ন নামের ট্যাবলেট ভর্তি ৮৪টি কৌটা এবং কৌটার মুখ বন্ধ করার সরঞ্জাম উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রামের শাহজাহান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা থেকে নকল খোলা ট্যাবলেট হাজার হিসাবে কিনে এনে তা বিভিন্ন কৌটার গায়ে ক্যালসিয়াম ও যৌন উত্তেজক বড়ির মোড়ক লাগিয়ে বাজারে বিক্রি করছেন বলে থানায় খবর আসে।
যার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে থানার উপপরিদর্শক আক্তার হোসেন একদল পুলিশ নিয়ে শাহজাহানের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
এরপর শাহজাহানের দেওয়া তথ্য অনুযায়ী ঘরে তল্লাশি চালিয়ে নয়টি বায়োটেক্স ট্যাবলেটের কৌটা, ৭২টি বায়োজয়েন্ট ট্যাবলেটের কৌটা, একটি ইউনিক গোল্ড ট্যাবলেটের কৌটা এবং দুটি ডিনো-ডি ট্যাবলেটের কৌটা উদ্ধার করা হয়।
থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহজাহান ভেজাল ক্যালসিয়াম ও যৌন উত্তেজক এসব বড়ি ঢাকা থেকে একসঙ্গে কিনে তা বিভিন্ন ওষুধের নামের লেভেলসংবলিত কোটায় ভর্তি করে মেশিনের সাহায্যে কর্ক লাগিয়ে তা বাজারজাত করার কথা স্বীকার করেন।
জানতে চাইলে ভেজাল ওষুধসহ এক ব্যক্তিকে আটকের কথা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন। গতকাল দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, আটক শাহজাহান দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধের ওই ব্যবসা করে আসছেন। উদ্ধার করা ওষুধ বাজারজাত করার বিষয়ে সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন দেখাতে পারেননি। তাই তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গতকালই আদালতে পাঠানো হয়েছে।