নোয়াখালীতে যুবদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের ভবব্রদ্দি গ্রামের যুবদলকর্মী আবদুল মতিন ওরফে রং মতিনের (২৮) হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে হত্যার ঘটনার পর গতকাল বৃহস্পতিবার ভোর রাতে একই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মো. বাবর (২২) ও আবুল কাশেম (৫৫)। এর মধ্যে বাবর ওই এলাকার সন্ত্রাসী বাশার বাহিনীর সদস্য বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
অন্যদিকে মতিনের হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার তাঁর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি একই এলাকার মো. বাবর ও আবু নাছেরসহ আটজনের নাম উল্লেখ করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ঘটনার পর রাতভর খুনিদের গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। ভোর রাতে অভিযুক্ত বাবরকে এবং নাছেরের বাবা আবুল কাশেমকে আটক করা হয়েছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে আবদুল মতিন ভবব্রদ্দি গ্রামে চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়কের নাঙ্গলী বাড়ির দরজার একটি চায়ের দোকানে বসা ছিলেন। হঠাৎ সাত-আটজনের একদল মুখোশ পরা সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন মতিনকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।