নোয়াখালীতে যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতীপুরে ইমাম হোসেন ওরফে ঈমান আলী (২৪) নামের যুবলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা এবং জেলা শহরের বিশ্বনাথ এলাকায় মো. বিপ্লব (২৮) নামের আরেক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে ঘটনা দুটি ঘটে।
কোম্পানীগঞ্জের ঘটনার জন্য স্থানীয়ভাবে ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করা হচ্ছে। খবর পেয়ে থানার পুলিশ ঈমান আলীর লাশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. রাসেল (২২) নামের যুবককে আটক করেছে। অন্যদিকে জেলা শহরে আহত বিপ্লবকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে যুবলীগের চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্থানীয় মেহেরুন্নেছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র আগ থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর ওপরে হামলা চালায়। দুর্বৃত্তরা ইমাম হোসেনের বুকে ধারালো ছোরা দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি খিজির হায়াত খান ঘটনার জন্য ছাত্রশিবির কর্মীদের দায়ী করেছেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, শিবির কর্মীরা পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শিবিরের কর্মীরা ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে জেলা শহরের প্রধান সড়কের বিশ্বনাথ এলাকায় শনিবার রাত ১১টার দিকে মো. বিপ্লব নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত বিপ্লব জেলা শহর মাইজদীর উজ্জ্বলপুর এলাকার আবদুল মান্নানের ছেলে। সন্ত্রাসী হামলার ঘটনা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধেও নানা অপরাধের কথা শোনা যায়। তবে ঘটনার বিষয়ে থানায় মামলা হয়নি।