নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর শহরের নাজিরপুর এলাকায় যৌতুক না পেয়ে বিবি আমেনা (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আমেনা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আমির হোসেনের মেয়ে।

ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী তাজুল ইসলাম পলাতক রয়েছেন। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত আমেনার পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রায় বছর খানেক আগে বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার নাজিরপুর গ্রামের তাজুল ইসলামের সঙ্গে আমেনার বিয়ে হয়। বিয়ের সময় আমেনার পরিবারের পক্ষ থেকে তাজুল ইসলামকে নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র যৌতুক হিসেবে দেওয়া হয়। কিন্তু সম্প্রতি তাজুল স্ত্রী আমেনার কাছে আরও যৌতুক দাবি করেন। এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো।

আমেনার বাবা আমির হোসেন অভিযোগ করেন, দুই দিন আগে তাজুল ইসলাম তাঁর অসুস্থ দাদিকে দেখানোর কথা বলে তাঁর মেয়েকে তাঁদের (বাবার) বাড়ি থেকে নাজিরপুর নিয়ে যান। আসার পর যৌতুকের দাবিতে পুনরায় নির্যাতন শুরু করেন। সোমবার গভীর রাতে তাঁর মেয়েকে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যান তাজুল।

ঘটনাস্থল পরিদর্শনকারী বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ ধর বলেন, লাশটি ঘরের মেঝে থেকে তিনি উদ্ধার করেছেন।