নোয়াখালীতে রিকশাচালককে অস্ত্রের আঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামের একটি ধানখেত থেকে গতকাল শনিবার নূর ইসলাম (২৮) নামের এক রিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূর ইসলাম দক্ষিণ তাহিরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় লোকজন নিহত নূর ইসলামের চাচাতো ভাই মো. ফারুককে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ছাড়া উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য গতকাল দুপুরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দুইটার দিকে নূর ইসলাম পকেটে কয়েক হাজার টাকা নিয়ে তাঁর চাচাতো ভাই ফারুকসহ বাড়ি থেকে বের হন। এরপর রাতেও নূর ইসলাম বাড়ি ফিরে আসেননি। গতকাল সকাল আটটার দিকে কাদরা ইউনিয়নের জামালপুর-তাহিরপুর গ্রামের সীমানায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
পরে নিহত নূর ইসলামের স্ত্রী জাহানারা আক্তার এসে স্বামীর লাশ শনাক্ত করেন। জাহানারার ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামীকে ফারুক কৌশলে বাড়ি থেকে বের করে এনে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে। এ তথ্য পাওয়ার পর স্থানীয় লোকজন ফেনীর দাগনভূঞা উপজেলার কোরেশমুন্সীরহাট থেকে ফারুককে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। জানতে চাইলে হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল ইসলাম ভূঁইয়া। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে ধারা করা হচ্ছে।