নোয়াখালীতে শিবিরের ভাঙচুর-বিস্ফোরণ
জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী শহরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও ছাত্রলীগের দুই কর্মীকে মারধর করেছেন শিবিরকর্মীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক শিবিরকর্মীকে আটক করেছে। এ ছাড়া পুলিশ শহরের টাউন হল মোড় থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিবিরের ৫০-৬০ জন কর্মী শহরের মোহাম্মদিয়া মোড় থেকে মিছিল বের করে টাউন হলের মোড়ে যান। মিছিলকারীরা এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে শিবিরকর্মীরা সেখানে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং দুটি বাসের কাচ ভাঙচুর করেন।
একপর্যায়ে আবাসিক এলাকার সড়কে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ধাওয়া করেন। কিন্তু শিবিরকর্মীরা ছাত্রলীগের দুই নেতা মো. রাজু ও রহমত উল্লাকে সামনে পেয়ে বেধম মারধর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনার পর শহরে পুলিশের টহল জোরদার করা হয়। পুলিশ টাউন হল মোড় এলাকা থেকে শিবিরের এক কর্মীকে আটক করে।
জানতে চাইলে শিবিরকর্মীদের ককটেল বিস্ফোরণ ও ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার ঘটনা নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে দ্রুতবিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।