নোয়াখালীতে শিশু অপহৃত, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী মৌজা এলাকা থেকে অপহৃত মাদ্রাসাছাত্র শিশু ফাহিম হোসেনের (৭) মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।

গতকাল সোমবার সকালে ফাহিমের মায়ের মুঠোফোনে ওই মুক্তিপণ দাবি করা হয়। এর আগে গত শনিবার দুপুরে স্থানীয় একটি নূরানি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় শিশু ফাহিম। ঘটনার পরদিন ফাহিমের মামা মো. সুমন বাদী হয়ে থানায় নিয়মিত মামলা করলেও পুলিশ তিন দিনেও উদ্ধার করতে পারেনি ফাহিমকে। ফাহিম নোয়াখালী মৌজার জালাল ড্রাইভারের বাড়ির কুয়েতপ্রবাসী মো. ফারুকের ছেলে।

ফাহিমের মামা মো. সুমনের ভাষ্য অনুযায়ী, গত শনিবার সকালে তাঁর ভাগনে ফাহিম হোসেন নোয়াখালী মৌজার নিজ বাড়ি থেকে একই গ্রামের নূরানি মাদ্রাসায় যায়। দুপুর ১২টার দিকে ফাহিম বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও ফাহিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

 সুমন অভিযোগ করেন, ঘটনার পর থেকে একটি অচেনা মুঠোফোন নম্বর থেকে তাঁর বোন নুরুন নাহারের মুঠোফোনে ফোন করে প্রথমে চার লাখ, পরে গতকাল সকাল ১০টায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় তাঁর ভাগনে ফাহিমকে হত্যার হুমকি দেওয়া হয়।

জানতে চাইলে শিশু অপহরণের ঘটনা নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার। তিনি বলেন, অপহরণের কাজে যে অটোরিকশা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেটি গতকাল আটক করা হয়েছে। এ ছাড়া অপহৃত শিশুটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।