নোয়াখালীতে শিশু হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার চর হুগলি গ্রামে মো. ইব্রাহিম (১২) নামের এক শিশুকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

আদালত একই সঙ্গে কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। মামলার তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নোয়াখালী সদর উপজেলার চর হুগলি গ্রামের মো. ইউসুফ মিয়া, মনছুর আহমেদ ও বাদশা মিয়া।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফজলুল কবির বলেন, জায়গাজমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালে আসামিরা চর হুগলি গ্রামের বদু মিয়ার ছেলে মো. ইব্রাহিমের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় বদু মিয়া ছয়জনকে আসামি করে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পিটিশন মামলা করেন। আদালত সুধারাম থানাকে পিটিশন মামলাটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। পরে পুলিশ তদন্ত শেষে ৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।