নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা আর পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন । আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন কবিরহাট উপজেলার ফহেতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আল মামুন (২৫), সদর উপজেলার দত্তেরহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে সুমনা (১০) ও নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোজি (৫৫) ও অটোরিকশার চালক নাসের (২৫)। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে কবিরহাটের দিক থেকে বসুরহাটে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আল মামুন ও সুমনা এবং হাসপাতালে নেওয়ার পর রোজি মারা যান। অন্যদিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান চালক নাসের। এ ঘটনায় আহত স্বপ্না রানী (২০), বাবুল (৬০) ও তাঁর মেয়ে মৌসুমিকে (১৮) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, পাওয়ার টিলারের চালক সাদ্দাম হোসেন পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন জনতা।