নোয়াখালীতে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ, পচা-বাসি খাবার এবং লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ (পেট্রল) বিক্রি করার দায়ে নোয়াখালীর সেনবাগে পৃথক অভিযানে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে সেনবাগ বাজারে ও উপজেলার ছমিরমুন্সির হাটে এ অভিযান চালানো হয়।
সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ছিদ্দিক সেনবাগ বাজারে এবং সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশীষ দাশ ছামির মুন্সিরহাটে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে রহমানিয়া হোটেলকে ৫ হাজার টাকা, সূচনা হার্ডওয়ারকে ২ হাজার টাকা, মোহাম্মদীয়া হোটেলকে ১০ হাজার টাকা, সাইদুল হক অ্যান্ড সন্সকে ২ হাজার টাকা, রূপক খাদ্য ভান্ডারকে ২ হাজার টাকা, শাহজালাল হোটেলকে ৩ হাজার টাকা এবং হাবিব হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।