নোয়াখালীতে হত্যা মামলায় বিএনপির ৬৪ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশের গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৬৪ জন আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিরা নোয়াখালীর ৩ নম্বর (বেগমগঞ্জ) আমলি আদালতে আত্মসমর্পণের পর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক আসামিদের মধ্যে ১১ বছরের শিশু মো. সাগরকে নিরাপদ হেফাজতে এবং বাকি ৬৪ জন আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী ব্যক্তিরা বেগমগঞ্জ থানার পুলিশের দায়ের করা মহিন উদ্দিন বাবুর্চি ও ছেরাজল হক ওরফে রুবেল হত্যা, পুলিশের ওপর হামলা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা জিআর ৩৫ নম্বর মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
গত ৭ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে মহিন উদ্দিন বাবুর্চি (২৮) ও ছেরাজল হক ওরফে রুবেল (৩২) নামের বিএনপির দুই কর্মী নিহত হন। ওই ঘটনায় পুলিশ নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাসকে প্রধান আসামি করে বিএনপি ও জামায়াতের ২১৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ব্যক্তিকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করে।