নোয়াখালীতে 'বন্দুকযুদ্ধে' ডাকাত-পুলিশ গুলিবিদ্ধ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ও ডাকাত দলের সদস্য নুরুল হক ওরফে হকসাব (২৮) গুলিবিদ্ধ হয়েছেন।এ ছাড়া আহত হয়েছেন চার পুলিশ সদস্য।গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কোম্পানীগঞ্জ ও কবিরহাট সীমানার রামদি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিত্সা নিয়ে সকালেই পুলিশ সদস্যরা হাসপাতাল ছেড়েছেন।আহত অন্য পুলিশ সদস্যরা হলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান, পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান, কনস্টেবল রবিউল হক ও শামীম ভূঁইয়া।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান আজ সকালে প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল শনিবার ভোরে একটি ডাকাতির মামলার আসামি পেশাদার ডাকাত দল নেয়ামত বাহিনীর সদস্য নুরুল হককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।এরপর রাতে নুরুলকে নিয়ে তাঁর গ্রামের বাড়ি কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী কবিরহাট উপজেলার রামদি এলাকার বাঁশের ঝাড় থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।সেখান থেকে ফেরার পথে নেয়ামত ডাকাত দলের সদস্যরা আকস্মিকভাবে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন।এ সময় পুলিশও পাল্টা আটটি গুলি ছোড়ে।দুই পক্ষের গোলাগুলিতে এসআই রবিউল ও ডাকাত নুরুল গুলিবিদ্ধ হন।এ ছাড়া তিনিসহ চারজন আহত হন।তবে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যান।
ওসি বলেন, এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।