মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা নোয়াখালীর সুধারামের মো. আবদুল কুদ্দুসের জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার কুদ্দুসের জামিনের আবেদন খারিজ করেন। আসামিপক্ষে জামিনের আবেদনের শুনানি করেন আইনজীবী তারিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি জাহিদ ইমাম। অসুস্থতার কারণ দেখিয়ে কুদ্দুস জামিনের আবেদন করেছিলেন।
১৪ অক্টোবর কুদ্দুসসহ নোয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২৪ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
৫ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এই ট্রাইব্যুনাল। এই পাঁচজন হলেন মো. আমির আহমেদ ওরফে আমির আলী, মো. আবুল কালাম, মো. ইউসুফ, জয়নাল আবদীন ও মো. আবদুল কুদ্দুস। আবুল কালাম বাদে বাকি চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।