রেগুলেটর বিকল হওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় গ্যাস সরবরাহে বিপর্যয় নেমে আসে। এতে কয়েক হাজার গ্রাহক গত শুক্রবার রাত থেকে চরম ভোগান্তির মধ্যে পড়েন।
সূত্র জানায়, সোনাইমুড়ীর বজরা এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবস্টেশনের রেগুলেটর বিকল হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়। পরে গতকাল শনিবার দুপুরের দিকে বিকল্প ব্যবস্থায় সাময়িকভাবে সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হলেও তার চাপ কম থাকায় অনেক এলাকার গ্রাহকেরা গ্যাস পাননি।
চাটখিল পৌর এলাকার বাসিন্দা আনোয়ারুল হায়দার প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে হঠাৎ চাটখিল পৌর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রান্নাবান্না নিয়ে বিপাকে পড়েন গৃহিণীরা। স্থানীয়ভাবে গ্যাস কোম্পানির কোনো কার্যালয় না থাকায় কিংবা কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য না জানানোয় প্রায় দুই হাজার গ্রাহক চরম ভোগান্তির মধ্যে পড়েন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জেলা কার্যালয় সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ীর বজরা এলাকায় গ্যাসলাইনের সাবস্টেশনের রেগুলেটরে ত্রুটি দেখা দেয়। এতে সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে উপজেলা দুটির কয়েক হাজার গ্রাহক সাময়িক ভোগান্তির মধ্যে পড়েন। পবিত্র রমজান মাসে গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে শনিবার দুপুর থেকে বিকল্প উপায়ে ওই দুটি এলাকায় সাময়িকভাবে গ্যাস (সন্ধ্যা পর্যন্ত) সরবরাহের ব্যবস্থা করা হয়। সন্ধ্যার পর সরবরাহ বন্ধ করে রেগুলেটর পুনঃস্থাপনের কাজ শুরু হবে।
জানতে চাইলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাক (ডিজিএম) মো. মোস্তফা বলেন, ‘স্টেশনের ত্রুটি সারানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (আজ) সকাল নাগাদ গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে পারে।’