নোয়াখালীর বিভিন্ন রুটে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের এক সপ্তাহ পরও নোয়াখালী থেকে ঢাকা ও চট্টগ্রামগামী এবং অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে নেই কোনো প্রশাসনিক নজরদারি।
গতকাল শুক্রবার জেলা শহরের সোনাপুর, মাইজদী নতুন বাসস্ট্যান্ড ও জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী শহর ও চৌমুহনী চৌরাস্তায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহর অভিমুখী যাত্রী এবং বাস-মিনিবাসের শ্রমিকদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের এ তথ্য পাওয়া যায়।
ঈদকে পুঁজি করে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে এবং নোয়াখালী-লক্ষ্মীপুর ও নোয়াখালী-ফেনী সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যাত্রী পরিবহনকারী যানবাহন এখনো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী পূর্ববাজারে অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কথা হয় জমিদারহাট এলাকার যাত্রী মো. রিপনের সঙ্গে। তিনি জানান, চৌমুহনী থেকে জমিদারহাট এলাকায় একটি অটোরিকশা রিজার্ভ নিতে লাগত ৭০-৮০ টাকা, সেখানে ঈদের কথা বলে দাবি করা হচ্ছে ১৫০ টাকা। এসব দেখার কেউ নেই। এ কারণে সাধারণ যাত্রীদের পকেট কাটছেন যানবাহনের চালকেরা।
অপর দিকে, চৌমুহনী চৌরাস্তার বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় ঢাকা, চট্টগ্রাম অভিমুখী বাসের জন্য ভিড় করছেন অসংখ্য যাত্রী। আর এই সুযোগটি কাজে লাগাচ্ছেন সেখানকার বাসের কাউন্টারগুলোর প্রতিনিধিরা। তাঁরা ঢাকাগামী প্রত্যেক যাত্রীর কাছ থেকে ভাড়া নিচ্ছেন ৪০০ থেকে ৪৫০ টাকা। একইভাবে চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকেও ৩০০ থেকে ৩৫০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।
বাসস্ট্যান্ডে কথা হয় নোয়াখালী-ঢাকা রুটে চলাচলকারী একটি চেয়ারকোচের কাউন্টারের প্রতিনিধির সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘মালিকেরা যে হারে ভাড়া আদায় করতে বলেছেন, আমরা সেভাবেই আদায় করছি। অতিরিক্ত টাকা তো আর আমরা পাব না।’
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি তো ট্রাফিক পুলিশের দেখার কথা। এর পরও আমি লোক পাঠিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’