আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। গতকাল রোববার দিনাজপুর শহরের লোক ভবন চত্বর ও নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তার হ্যালিপ্যাডে শানে রেসালাত মহাসমাবেশে তাঁরা এই আহ্বান জানান।দিনাজপুরে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম আওয়ামী লীগ বা বিএনপির পক্ষ নিয়ে কথা বলছে না। বলছে ইসলামের পক্ষে। তারা সব শক্তি নিয়ে ১৩ দফা দাবি বাস্তবায়ন করবে।হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. মতিউর রহমান কাশেমী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির অন্যতম সদস্য উবায়দুল্লাহ ফারুক। রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হেফাজতের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন।প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল্লাহ ফারুক বলেন, আগামী ৫ মে ঢাকা অবরোধের মাধ্যমে ‘নাস্তিক-মুরতাদদের’ বিরুদ্ধে চলমান আন্দোলনের ধারাকে আরও বেগবান করা হবে। হেফাজতের আমির আহমেদ শাহ শফির নির্দেশ অনুযায়ী পরবর্তী কর্মসূচিতে দেশের তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ করা হবে। সভাপতির বক্তব্যে মাওলানা মতিউর রহমান কাশেমী বলেন, ১৩ দফা দাবি না মানা হলে সরকারকে বিদায় নিতে হবে।এদিকে বেগমগঞ্জের চৌরাস্তার হ্যালিপ্যাডে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শানে রেসালাত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী মদিনা সনদের আলোকে দেশ শাসনের কথা বললেও তা বাস্তবায়ন না করে তিনি মোনাফেকের মতো আচরণ করেছেন।