নোয়াখালী, বাঁশখালী ও কালিয়ায় তিনজন খুন
নোয়াখালীর সুবর্ণচরে শনিবার এক গৃহবধূ খুন হয়েছেন। একই দিন চট্টগ্রামের বাঁশখালীতে একজন ও নড়াইলের কালিয়া উপজেলায় আরও একজন খুন হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে শনিবার যৌতুকের দাবিতে এ্যামেলী রানী দাস (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে চরজব্বার থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় তাঁর মা বিশাকা রানী দাস এ্যামেলীর শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ্যামেলীর শ্বশুর জয়ন্ত কুমার দাসকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহারে বলা হয়েছে, এ্যামেলীর স্বামী কনক চন্দ্র দাস আবুধাবী প্রবাসী। স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই শ্বশুর-শাশুড়ি যৌতুকের দাবিতে এ্যামেলীর ওপর প্রায়ই নির্যাতন চালাতেন। শনিবার দুপুরে যৌতুকের টাকা নিয়ে তাঁদের সঙ্গে এ্যামেলীর ঝগড়া হয়। একপর্যায়ে তাঁরা এ্যামেলীকে বেদম মারধর করেন। এরপর শ্বাসরোধে হত্যা করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করেন।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে শনিবার ভোরে মো. সাহাবউদ্দিন (২২) নামে এক পিকআপ ভ্যানকর্মী দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও গ্রামের আবদুল কাদেরের ছেলে। বাঁশখালী থানার পুলিশ ওই দিন সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান জানান, দুর্বৃত্তরা সাহাবউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। লোহাগড়া (নড়াইল): নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের তোতা মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে শনিবার রাত নয়টার দিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে কালিয়া থানার ওসি সাঈদ আহমেদ জানান, এ ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে কালিয়া থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, তোতা মিয়া বাড়ি থেকে চাচুড়ি বাজারে যাওয়ার পথে বাজারের পাশে গ্রামীণফোনের টাওয়ারের কাছে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।