কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে টানা পাঁচ দিন ধরে অচলাবস্থা চলছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নোয়াখালী ও চৌমুহনী কার্যালয়ে। এতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
পিডিবির রাজশাহী ও রংপুর অঞ্চলকে নিয়ে কোম্পানি গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের আহ্বানে এ কর্মসূচি চলছে।
গতকাল শনিবার সকালে আন্দোলনের পঞ্চম দিনে পিডিবির নোয়াখালী কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলোতে তালা ঝুলছে। বেলা ১১টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি তারিকুর জামান ও সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক। পরে জেলা কমিটির নেতারা বেগমগঞ্জের চৌমুহনীতে পিডিবির কার্যালয়ে গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেন।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রথম আলোকে বলেন, রাজশাহী ও রংপুর অঞ্চলকে নিয়ে কোম্পানি গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তিনি জানান, কর্মবিরতি কর্মসূচি পালনের পাশাপাশি রোববার (আজ) ও কাল সোমবার কালো ব্যাজ ধারণ করা হবে। এর মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে জেলা শহরের বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজন বলেন, কয়েক দিন ধরে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এ ছাড়া বিদ্যুৎ বিলের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রাহকেরা কার্যালয়ে গিয়েও কোনো সমাধান পাচ্ছেন না।
শহরের হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা আবুল খায়ের বলেন, তিনি তাঁর বাড়ির বিদ্যুৎ লাইনের সমস্যার কথা দুই দিন আগে কার্যালয়ে গিয়ে জানিয়ে এসেছেন। কিন্তু সমস্যার সমাধান করা হয়নি।
বিদ্যুৎ বিভ্রাট নিয়ে জানতে চাইলে পিডিবির নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, সঞ্চালন লাইনের সমস্যার কারণে বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু লাইনের কাজ করার মতো কেউ নেই। কর্মচারীরা সবাই কর্মবিরতি পালন করছেন। সারা দেশেই এ সমস্যা চলছে।