নোয়াখালী ও ফেনীতে দুই বাড়িতে ডাকাতি, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী ও ফেনী সদর উপজেলায় দুই বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এ দুই স্থানে ডাকাতদের হামলায় ৬ জন আহত হয়। চট্টগ্রামের বোয়ালখালী থেকে পুলিশ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চাটখিল পৌরসভার সুন্দলপুর মহল্লার আবু তাহের চৌধুরীর বাড়িতে ২০-২৫জন ডাকাত হানা দেয়। সশস্ত্র ডাকাতেরা মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। এসময় ডাকাতদের গুলিতে মাসুদ (২৮) ও নুরুল আমিন (২৬) এবং ছুরিকাঘাতে রুবেল (২৫) আহত হন। রাত আড়াইটার দিকে উপজেলার বদলকোর্ট ইউনিয়নের ধন্যপুর গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের বাড়িতে একদল ডাকাত ঢুকে দেড়লাখ টাকা, ত্রিশ ভরি স্বার্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়।ফেনী: সদর উপজেলার ভাঙ্গার তাকিয়া এলাকার পলাশ মিয়ার বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ১৪-১৫ জন ডাকাত দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে বেঁধে ফেলে। পরে তারা ওই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার সময় ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার (৩২), মাহবুব (৩০) ও হাইয়ুম (২৪) নামের তিনজন আহত হন। আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাহবুব ও হাইয়ুমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।বোয়ালখালী (চট্টগ্রাম): উপজেলার হাজিরহাট এলাকা থেকে বোয়ালখালী থানার পুলিশ গত বুধবার হাবিব ওরফে চাকমা হেবব্যা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি বোয়ালখালী উপজেলার মুফতিপাড়ায়। বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন ফারুকীর ভাষ্যমতে, পুলিশের সোর্স পরিচয়ে হাবিব ডাকাতি, দেহব্যবসা, প্রতারণাসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। হাবিব ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে বোয়ালখালী পূর্ব গোমদণ্ডীর দরফপাড়ায় ডাকাতদের গুলিতে নিহত হন ওয়াসার কর্মচারী ছিদ্দিক আহমদ। কদুরখিল ইমামনগরে ডাকাতি করার সময় জনতা এগিয়ে এলে ডাকাতেরা গুলি করে পালিয়ে যায়। এই দুটি ডাকাতিতে অংশ নেন হাবিব। এ ছাড়া বিভিন্ন ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া ডাকাতদের স্বীকারোক্তি জবানবন্দিতেও উঠে আসে তাঁর নাম। পুলিশের জিজ্ঞাসাবাদে হাবিবও ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান উপপরিদর্শক মো. আরিফুর রহমান।