নোয়াখালী ও লক্ষ্মীপুরে তীব্র গ্যাস-সংকট
তীব্র গ্যাস-সংকটের মুখে পড়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের শিল্প, আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা। জেলার কোম্পানীগঞ্জের সিরাজপুরের সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না করায় এ সংকট দেখা দেয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন শ্রেণীর ৩৮ হাজার ৩৬৭টি গ্যাস-সংযোগ রয়েছে। যার মধ্যে বাণিজ্যিক ৪৫০টি, শিল্প ২৯টি, সিএনজি স্টেশন আটটি, ক্যাপটিফ পাওয়ার প্ল্যান্ট ১৫টি এবং আবাসিক গ্রাহক-সংযোগ ৩৭ হাজার ৮৬৫টি।
সূত্র জানায়, এসব গ্যাস-সংযোগের বিপরীতে বাখরাবাদ গ্যাস কোম্পানির নোয়াখালী কার্যালয়ের দৈনিক চাহিদা ১৪ মিলিয়ন ঘনফুট। আগে ফেনীর জাতীয় গ্রিড থেকে এ গ্যাস সরবরাহ করা হতো। গত বছরের ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুরের সুন্দলপুর গ্যাসক্ষেত্রের গ্যাস আনুষ্ঠানিকভাবে এ দুটি জেলার গ্রাহকদের সরবরাহ করা হয়।
জানা গেছে, সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে শুরু থেকেই সরবরাহ করা হতো প্রায় ১১ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট। চাহিদার প্রায় আড়াই মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হলেও ততটা সমস্যা হতো না। কিন্তু চলতি মাসের শুরুতে গ্যাসের সরবরাহ অর্ধেকেরও বেশি কমে ৫ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। এতে জেলা শহর এবং শহরের বাইরে সব এলাকায় তীব্র গ্যাস-সংকট দেখা দেয়।
কোম্পানীগঞ্জের চর কাঁকড়া এলাকার বাসিন্দা সহিদউদ্দিন বাবুল বলেন, ‘গত এক মাসের বেশি সময় ধরে কোম্পানীগঞ্জের গ্রাহকেরা তীব্র গ্যাস-সংকটে ভুগছেন। সকাল আটটায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকেল গড়িয়ে গেলে আসার খবর থাকে না। অথচ আমাদের বাড়ির কাছেই সুন্দলপুর গ্যাসক্ষেত্র। বিষয়টি অনেকটা ‘বাতির নিচে অন্ধকার’ প্রবাদবাক্যের মতো।’
শহরের সোনাপুর এলাকার গৃহিণী নূর নাহার বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত যখন রান্নার সময় তখনই গ্যাস থাকে না। আগে মাঝেমধ্যে এ সমস্যা হতো। প্রায় এক মাস ধরে নিয়মে পরিণত হয়েছে। ফলে বাধ্য হয়ে গ্যাসের চুলার পাশাপাশি লাকড়ির চুলায় রান্না করতে হয়।
জানতে চাইলে গ্যাস-সংকটের কথা নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ইউছুফ আলী। প্রথম আলোকে তিনি বলেন, সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। তবে শিগগিরই বিকল্প উপায়ে সংকট সমাধানের চেষ্টা চলছে।