নোয়াখালী কলেজে ছাত্রলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জুলফিকার হায়দারকে ছাত্রলীগ নেতা সোহরাব ইকবাল লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে কলেজের একটি পরীক্ষার হলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, সকাল ১০টার দিকে কলেজের ৩০১ নম্বর কক্ষে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা শুরু হয়। এ সময় সাইফুল ইসলাম নামের এক পরীক্ষার্থী ইউনিফর্ম ছাড়া পরীক্ষার হলে প্রবেশের অনুমতি চায়। কর্তব্যরত শিক্ষক জুলফিকার হায়দার অনুমতি না দেওয়ায় ওই ছাত্র চলে যান। পরীক্ষা কমিটি ও কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল, যারা কলেজের ইউনিফর্ম পরে আসবে না, তাঁদের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না।এর আধঘণ্টা পর ওই ছাত্রকে নিয়ে পরীক্ষার হলে আসেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব ইকবাল। এসেই তিনি শিক্ষক জুলফিকার হায়দারকে গালাগাল করেন এবং মারার উদ্দেশ্যে কয়েকবার তাঁর দিকে তেড়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জুলফিকার হায়দার হল ত্যাগ করেন।ঘটনার সত্যতা স্বীকার করে প্রভাষক জুলফিকার হায়দার বলেন, ‘সোহরাব ওই ছাত্রকে নিয়ে হলে প্রবেশ করে বলেন, “কলেজের সিনিয়র শিক্ষকেরাও আমার কথা ছাড়া চলেন না। আপনি কবে এসেছেন এখানে?”’ এসব কথা বলার পাশাপাশি সোহরাব তাঁকে অশ্লীল গালাগাল করেন।কলেজের অধ্যক্ষ স্বপন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রনেতাকে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে তাঁকে সতর্ক করা হয়েছে।ছাত্রলীগ নেতা ইকবাল সোহরাব বলেন, ‘পরীক্ষার হলে প্রবেশ করতে না পেরে ওই ছাত্র কান্নাকাটি করায় আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। তাই স্যারকে গিয়ে তাঁকে পরীক্ষায় সুযোগ দেওয়ার অনুরোধ করি। এ সময় আমার কথার আওয়াজ কিছুটা বড় শোনা গেছে। এ জন্য আমি অনুতপ্ত এবং স্যারের কাছে ক্ষমা চেয়েছি।’