নোয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু
নোয়াখালী কারাগারে মো. মানিক (৩৪) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। কয়েদি মো. মানিক লক্ষ্মীপুর সদর উপজেলার আমনি গ্রামের মৃত সৈয়দ আহম্মেদের ছেলে।নোয়াখালী কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. সাঈদ হোসেন প্রথম আলোকে জানান, শনিবার রাত তিনটার দিকে হঠাৎ কারাগারের ভেতর ঘুমন্ত অবস্থায় মানিক বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নোয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক আদনান কায়সার জানান, মানিককে হাসপাতালে আনা হয়েছে মৃত। সম্ভবত পথেই তাঁর মৃত্যু হয়েছে।কারাগার সূত্রে জানা গেছে, মানিক লক্ষ্মীপুর সদর থানায় দায়ের করা একটি মামলায় দুই বছরের সাজা খাটছেন। সাত-আট মাস ধরে তিনি নোয়াখালী কারাগারে অবস্থান করছিলেন। এর আগে কখনো তাঁর কোনো অসুস্থতা ধরা পড়েনি। গতকাল ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।