নোয়াখালী কারাগারের এক হাজতির মৃত্যু
নোয়াখালী জেলা কারাগারের হাজতি মো. হামিদ (৩৫) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। তিনি মাইজদীর বাজিগরপাড়ার বাসিন্দা।কারাগার সূত্রে জানা গেছে, ১৯ মে হামিদকে সুধারাম থানার পুলিশ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে নোয়াখালী কারাগারে পাঠায়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা রয়েছে। গত বুধবার বিকেলে হামিদ হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যার দিকে তাঁর অবস্থার অবনতি দেখে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে মৃত হামিদের মা হুক্কি বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গ্রেপ্তারের পর পুলিশ হামিদকে নির্যাতন করে। তাতে তাঁর মৃত্যু হয়। তবে সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন হামিদকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। কারাধ্যক্ষ মাহবুবুল আলম হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাত পৌনে নয়টায় প্রথম আলোকে বলেন, হামিদ হেরোইনসহ মাদকসংক্রান্ত তিনটি মামলার আসামি। কারাগারে মাদক না পেয়েই হয়তো তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে অসুস্থ হওয়ার পরই হামিদকে হাসপাতালে ভর্তি করা হয়।