নোয়াখালী খাল সংস্কার ও মেঘনা নদীর ভাঙন রোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী খাল সংস্কার, মেঘনা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবিতে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
কর্মসূচি পালন উপলক্ষে গতকাল সকাল থেকে ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতা-কর্মী, সমর্থকেরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হতে থাকেন। দুপুর ১২টায় সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান তাঁরা। পরে সেখানে সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক তারকেশ্বর দেবনাথ। বক্তব্য দেন কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুর আলম, বাসদের (মার্ক্সবাদী) জেলা শাখার আহ্বায়ক দলিলের রহমান, মো. ইব্রাহিম, আরশাদ আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বিটুল তালুকদার।
সমাবেশে বক্তারা নোয়াখালী খাল সংস্কার ও মেঘনা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া, ভূমি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা, ইউনিয়নভিত্তিক সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন, উপকূলীয় এলাকায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।