নোয়াখালী থেকে অপহূত স্কুলছাত্রী সীতাকুণ্ডে উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অপহূত এক স্কুলছাত্রীকে (১৪) চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। পরে বেলা একটার দিকে সীতাকুণ্ড থানার পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (২২), মো. হানিফ (২০), নুর আলম (২৩) ও আবু বক্কর ছিদ্দিক (২২)। তাঁদের সীতাকুণ্ড থেকে কোম্পানীগঞ্জ থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (আজ) তাঁদের আদালতে হাজির করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন দশম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে আনোয়ার ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় গতকাল সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে বসুরহাট-ফেনী সড়কের দিকে যেতে থাকেন আনোয়ারসহ গ্রেপ্তার চার ব্যক্তি। সূত্র জানায়, তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে থানা থেকে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। এরপর বেলা একটার দিকে সীতাকুণ্ড থানার পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অপহূত স্কুলছাত্রীকে উদ্ধার এবং চার অপহরণকারীকে গ্রেপ্তার করে। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. এমরান আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।