নোয়াখালী থেকে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে অপহরণের শিকার এক স্কুল ছাত্রীকে (১৬) ঢাকার খিলগাঁও এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই তরুণ হলেন সোনাইমুড়ী উপজেলার বরপাড়া গ্রামের ওমর ফারুক (২৩) ও মো. রাশেদ (১৯)। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
নোয়াখালী পিবিআইয়ের পরিদর্শক মো. জামিল হোসেন প্রথম আলোকে বলেন, গত ২২ এপ্রিল রাত আটটার দিকে একদল তরুণ ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বাবা ২৪ এপ্রিল আদালতে একটি অপহরণ মামলা করেন। আদালত ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতে পিবিআইকে নির্দেশ দেন।
পিবিআইয়ের পরিদর্শক মো. জামিল হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ওমর ফারুক ও মো. রাশেদ দুজনই মেয়েটির বাবার করা মামলায় এজাহারভুক্ত আসামি।