নোয়াখালী পৌরসভার জমি অবৈধ দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী পৌরসভার পুরোনো ভবনের জমিতে নির্মাণাধীন মার্কেটটি গতকাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
নোয়াখালী পৌরসভার পুরোনো ভবনের জমিতে নির্মাণাধীন মার্কেটটি গতকাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

নোয়াখালী পৌরসভার পুরোনো ভবনের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পৌরসভা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ পুরোনো পৌর মিলনায়তনসহ পুরো ভবন ভেঙে ফেলেন। খালি হওয়া জায়গায় ১৪০টি ভিটি (প্লট) তৈরি করে তা বিভিন্ন ব্যক্তির নামে বরাদ্দ দেন। তবে এ কার্যক্রমে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে। পরে পৌরসভার প্রকৌশল শাখার নকশা অনুসারে দোকান মালিক সমিতির নিয়োগ করা ঠিকাদার আধা পাকা ঘর নির্মাণ শুরু করে। এদিকে ওই স্থানে নতুন মিলনায়তন নির্মাণের দাবি জানায় নোয়াখালী নাগরিক অধিকার মোর্চাসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তিন মাস আগে নতুন মেয়র শহিদ উল্যাহ্ খান দায়িত্ব নেওয়ার পর নাগরিক সমাজের দাবি অনুযায়ী মার্কেটটির নির্মাণকাজ বন্ধ করে দেন। পাশাপাশি পৌর পরিষদে ‘বিতর্কিত’ মার্কেটটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে অনুরোধ জানান।

মেয়র শহিদ উল্যাহ্ খান প্রথম আলোকে বলেন, পুরোনো পৌর ভবনটি ভেঙে ফেলার পর সাবেক মেয়র ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেওয়ার পর সেখানে অবৈধভাবে মার্কেট নির্মাণ শুরু হয়। এ নিয়ে নাগরিক সমাজের আপত্তি থাকায় মার্কেটটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই একই স্থানে পরিকল্পিতভাবে শিল্প-সংস্কৃতির বিকাশ কেন্দ্রসহ আধুনিক বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তবে সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ দাবি করেন, যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই পুরোনো পৌর ভবনের স্থানে মার্কেট নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।