নোয়াখালী পৌরসভার বাজেট ঘোষণা
নোয়াখালী পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৮০ লাখ ৮৪ হাজার ৬৪৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর মিলনায়তনে এক সুধী সমাবেশে মেয়র হারুনুর রশিদ আজাদ এ বাজেট ঘোষণা করেন।বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিশেষ অতিথি পুলিশ সুপার আনিসুর রহমান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান (মেয়র) আবদুর রহমান। বাজেটে সরকারি অনুদান ও নিজস্ব রাজস্ব আয়সহ বিভিন্ন খাতের আয় ধরা হয়েছে ৫৬ কোটি ১৪ লাখ ৭ হাজার ৭৫৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৭৫৮ টাকা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ২৯ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা।মেয়র তাঁর বক্তৃতায় বলেন, নতুন অর্থবছরে নোয়াখালী পৌরসভাকে একটি পরিকল্পিত, নাগরিকদের স্বপ্নের পৌরসভা হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া শিশুদের জন্য একটি আধুনিক পৌর পার্ক, একটি পৌর ভবন, একটি ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, জেলা প্রশাসনের দীঘির চারপাশে সৌন্দর্য বৃদ্ধি করে সুসজ্জিত করার ঘোষণা দেন মেয়র।