নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উপাচার্যের পদত্যাগ দাবি এবং শিক্ষকদের ওপর হামলা ও ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।ওই সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের ছাত্রদের গত রাত (মঙ্গলবার) ১০টার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে এফ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা গত রোববার বিভাগের দুই শিক্ষককে জিম্মি করে মুচলেকা আদায় করেন। এ ঘটনায় গতকাল সকালে রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক আদেশে ওই বিভাগের ১২ জন ছাত্রের বিরুদ্ধে বহিষ্কারাদেশসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বিভাগের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবং দুটি আবাসিক হলে অবস্থানরত ওই বিভাগের শিক্ষার্থীদের গতকাল বেলা দুইটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে বিভিন্ন দাবিতে আন্দোলনরত এসিসিই ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের কোনো দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দেওয়া হয়।প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন এসিসিই বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা ১২ জন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তিন দফা দাবিতে দুপুর ১২টা থেকে একাডেমিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন। একপর্যায়ে বেলা দুইটার দিকে তাঁদের সঙ্গে যোগ দেন ফুড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরাও। এরপর দুই বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেখানে অবস্থান গ্রহণ করেন। একপর্যায়ে বিকেল পাঁচটার দিকে একদল বহিরাগতের সহযোগিতায় তাঁরা প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় উপাচার্যের কক্ষে অবস্থানরত ডিন আবুল হোসেন, প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ছাত্র উপদেষ্টা জামিউদ্দিন আহমেদ, শিক্ষক মো. আনিছুজ্জামান, রোকেয়া সিদ্দিকা, লতিফা বুলবুলসহ অন্তত ১৫ জন আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বিভাগের শিক্ষার্থীদের এই তাণ্ডব চলাকালে ক্যাম্পাসে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও উপাচার্য তাঁদের কোনো নির্দেশনা দেননি। একপর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলমের নেতৃত্বে একদল দাঙ্গা পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিকেল সাড়ে পাঁচটার দিকে শিক্ষক সমিতি এক বৈঠকে বসে। শিক্ষক ডরমেটরিতে অনুষ্ঠিত এ বৈঠকে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা এবং তাঁর পদত্যাগের দাবি জানানো হয়। এদিকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপাচার্যের কার্যালয়ে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক বসে। সেখানে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টাকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যে উপাচার্য শিক্ষকদের নিরাপত্তা দিতে পারেন না, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগে দুর্নীতির মাধ্যমে নিজের আখের গোছান, তিনি বিশ্ববিদ্যালয়ে থাকলে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। তাই বাধ্য হয়ে তাঁরা উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।এসব ব্যাপারে কথা বলতে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। পরে রেজিস্ট্রার মো. মমিনুল হকের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।